বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার পার্টি করা যাবে না, কেন করা যাবে না? আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন হঠাৎ এটা মনে পড়লো কেন যে ইফতার করা যাবে না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ইফতার করা যাবে না। শুধু এটা করেই থেমে থাকেনি, ছাত্রলীগকে দিয়ে আক্রমণ করাচ্ছে। রমজান মাস সিয়াম সাধনার মাস ও উৎসবের বিষয় আছে। বন্ধু-বান্ধব সবাই মিলে ইফতার করতে চায়। এটাও রক্তাক্ত করেছে ছাত্রলীগ।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন ইসলামের মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ প্রচণ্ড রকমের বাড়ছে তা সরকার টের পাচ্ছে দাবি করে রিজভী বলেন, এই কারণে ছোট কর্মসূচিতেও আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ-যুদ্ধ ভাব তৈরি করেছে। আন্দোলন দমানোর সরকারি যত সরঞ্জাম আছে সব নিয়ে হাজির হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ সরকার ভালো করেই জানেন ৪টা লেবুর দাম ৮০ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা।
প্রত্যেকটি জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে বলে দাবি করে রিজভী আরো বলেন, মন্ত্রীদের ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি-গাড়ি সম্পদ রয়েছে। ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এখন শত কোটি টাকার মালিক। জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছে যা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। তাদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়িতে বসে আছেন।
তিনি আরও বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।