× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয়ে সামান্তা শারমিনকে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৫ নভেম্বর ২০২৬, ১৫:১৩ পিএম । আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১৩ পিএম

সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী সামান্তা শারমিনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) পরিচয়ে সবুজ খান নামের এক ব্যক্তি এই হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।

রোববার দুপুর ১২টা ২৭ মিনিটে বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয়ে এই হুমকি দেওয়া হয় বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন সামান্তা শারমিন। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে আজই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এনসিপির নারী সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ ও অন্য এক নেত্রীর হুমকি পাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হুমকির ঘটনা ঘটল।

সামান্তা শারমিন সংবাদমাধ্যমকে জানান, হোয়াটসঅ্যাপে কল আসার পর প্রথমে নেটওয়ার্ক সমস্যার কারণে শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শোনা যায়। পরবর্তীতে পুনরায় ফোন আসলে তিনি তা রিসিভ করেন।

সামান্তা শারমিন বলেন, "আমি সবুজ খান। বরগুনা জেলা ছাত্রলীগ—বলার পর সে আমাকে বলে, 'তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।' আমি তখন তাকে জিজ্ঞেস করি, জয় বাংলা জিনিসটা কী? এরপর সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।"

এ বিষয়ে সামান্তা শারমিন আরও বলেন, "একপর্যায়ে আমি হুমকিদাতাকে জিজ্ঞেস করি, আপনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন, বরগুনার কোন জায়গায় আপনার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন? কোনো উত্তর না দিয়ে সে শুধু আমাকে গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে নিজেই ফোন কেটে দেয়।"

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন সামান্তা শারমিন। পরবর্তীতে এনসিপি গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়ক ও সবশেষ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। গত ৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ঠিক পরদিন শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু। ধারাবাহিক এসব রাজনৈতিক নাশকতা ও হুমকির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.