বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সারের ডিলার নিয়োগের অভিযোগ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বক্তব্য দেওয়ার সময় হইচই করে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এবং কৃষিমন্ত্রীর একটি মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সদস্যদের হইচই ও হট্টগোলের মধ্যে দফায় দফায় বিঘ্ন ঘটে সংসদীয় কার্যক্রমে। ডিলারশিপে আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ এবং মন্ত্রীর ‘উৎসব’ সম্পর্কিত বক্তব্য ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
সংসদ সচিবালয় ও অধিবেশন সূত্র জানায়, বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি সারের ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে দেশজুড়ে ডিলারশিপে স্বজনপ্রীতি ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশীদ জবাব দিতে গেলে বিরোধী দলের সদস্যরা তীব্র আপত্তি জানান এবং হৈচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামাল হস্তক্ষেপ করে সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
আলোচনার শুরুতে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। অনেক স্থানে সংসদ সদস্যদের সন্তান, স্ত্রী, ভাগনে ও নিকটাত্মীয়রা ডিলারশিপ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাঁদের ১০ জন আবার বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা ভাগনি। তিনি আরও অভিযোগ করেন, সংরক্ষিত আসনের সদস্যরা অর্থের বিনিময়ে ডিও (আধা সরকারি পত্র) দিয়েছেন, যা রাজনৈতিক নীতিবহির্ভূত। কৃষিমন্ত্রীর কাছে তিনি এই ‘সংস্কৃতি’ বন্ধে সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং ডিলারশিপগুলো পুনরায় পর্যালোচনার দাবি জানান।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, "উনি (হাসনাত) বলেছেন, সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই, এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।" মন্ত্রীর এই বক্তব্যের পরেই বিরোধী দলের সদস্যরা হইচই করে তীব্র আপত্তি জানান।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কৃষিমন্ত্রী নতুন মন্ত্রী হিসেবে ‘সাইড টক’ বন্ধের অনুরোধ জানান এবং বলেন যে তাঁর উত্তর পছন্দ না হলে সদস্যরা আরও প্রশ্ন করতে পারেন। তিনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ের দুটি কমিটির মাধ্যমে নিয়ম মেনেই আবেদন যাচাই-বাছাই করা হয়েছে এবং ডিসি অফিসের মাধ্যমে তা মন্ত্রণালয়ে এসেছে।
তবে মন্ত্রীর এই ব্যাখ্যা চলাকালেও বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন এবং অনেকেই ফ্লোর চান। পরিস্থিতি চরম আকার ধারণ করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, "আমরা বারবার বলছি, মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ, ধৈর্যের সাথে বসেন।"
এদিকে সরকারি দলের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অর্থের বিনিময়ে এমপিদের ডিলার পাইয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রমাণ না থাকলে এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি। স্পিকার পরবর্তী কার্যক্রমে চলে গেলেও ডিলার নিয়োগের এই বিতর্ক আগামী দিনে রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে আরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
