× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম কিনলেন ৭০ জন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ এএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ এএম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। ফাইল ছবি

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী হতে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির ৭০ জন নারী নেত্রী। গত ২৪ সেপ্টেম্বর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠার পর ১ অক্টোবর মিষ্টির পদত্যাগের ফলে এই আসনটি শূন্য হয় এবং আগামী ১২ নভেম্বর এর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির ঘোষিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের সক্রিয় সংগঠকেরা। আলোচনায় থাকা উল্লেখযোগ্য নেত্রীদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাহানা আক্তার সানু, আয়শা সিদ্দিকা মনি ও রুনা লায়লা।

মনোনয়ন ফরম সংগ্রহ করা ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা নিজের আন্দোলন ও ত্যাগের কথা তুলে ধরে বলেন, "শেখ হাসিনার পতনের আন্দোলন করতে গিয়ে বিগত দিনে আমার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর মাথায় গুলি লেগেছিল। ঢাকা উত্তরের সব অলিগলি আমার চেনা, দল আমাকে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস।"

আরেক মনোনয়নপ্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা বলেন, "এমনিতেই আমার এলাকা অনেক পিছিয়ে রয়েছে। আমার এখন দায়িত্ব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করার। কিন্তু সরকারে সরাসরি না থাকলে সেটা বেশ কঠিন আমার জন্য। এ জন্যই আমি ফরম তুলেছি। আমার বিশ্বাস, দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।"

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে পূরণকৃত ফরম একই কার্যালয়ে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারিত রয়েছে। বিএনপি একক প্রার্থী দিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, ফলে ৭০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে কার হাতে দলীয় টিকিট উঠছে—এখন সেটাই দেখার বিষয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.