× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২০ আগস্ট ২০২৬, ১৭:১৯ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৬, ১৭:২১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহত ছাত্রনেতাকে দেখতে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। ছবি: সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, "প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।" তিনি বলেন, আওয়ামী লীগ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে ভাবতে হবে। কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষে গুরুতর আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঘটনার আকস্মিকতায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, উগ্রবাদী এই গোষ্ঠীকে এখনই প্রতিহত করা না গেলে দেশের ভাবমূর্তি ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।

বিগত গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নুরুল হক উল্লেখ করেন, ২০২৪ সালের গণহত্যার দায়ে ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তবে ১৯৭১ সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও গণধর্ষণের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি জামায়াত-শিবিরকেও একইভাবে নিষিদ্ধ করার জোর দাবি জানান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, জামায়াত-শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে গভীর সংকটে ফেলবে।

আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি জাতিসংঘের একটি আশঙ্কার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, জাতিসংঘ সতর্ক করেছে যে আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে এবং জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডারদের মাধ্যমেই তারা এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে জামায়াত-শিবির মজলুমের ভূমিকায় থাকলেও বিগত ছায় মাসে তারা 'জালেম' সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, এখনই এদের ছড়িয়ে পড়া না ঠেকালে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।

জামায়াত ও আওয়ামী লীগকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি মন্তব্য করেন, উভয় দলই চরম ফ্যাসিস্ট মানসিকতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হয়েছে, আর জামায়াত সুযোগ না পেয়েও রগকাটা, দখলদারত্ব ও তাণ্ডবের পুরোনো ইতিহাসে ফিরে গেছে।

নুরুল হক দাবি করেন, জামায়াত বর্তমান সরকারের ওপর অন্যায় চাপ সৃষ্টি করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তারা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে নিজেদের অনুসারীদের শেয়ার দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং ক্ষমতার অশুভ ভাগ-বাঁটোয়ারা চাইছে।

তিনি বলেন, বক্তব্যে বিদ্বেষ ও সামাজিক বিভাজন থাকলে সাধারণ জনগণকেই তা প্রতিহত করতে হবে। একই সাথে, বিতর্কিত বক্তব্যের পক্ষে সাফাই গাওয়ায় জামায়াতের নৈতিক অধঃপতন স্পষ্ট হয়েছে উল্লেখ করে দলটির নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নুরুল হক সরাসরি বলেন, "আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছিল। অন্যদিকে জামায়াত-শিবির ক্ষমতার সুযোগ না পেলেও দেশে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, তাতে তাদের অতীতের রগকাটা, ধর্ষণ ও দখলদারত্বের বিভীষিকাময় ইতিহাসই আবার সামনে এসেছে। তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, সুযোগ পেলে তারা জাতির জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে বিরোধী শিবিরে দেখা দেওয়া এই তিক্ততা ও মুখোমুখি অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। কুষ্টিয়ার এই সংঘর্ষের জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবক্ষয় না ঘটে, সে বিষয়ে ইতোমধ্যে ঢামেক হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.