× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন স্পিকার হাফিজ

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২০ আগস্ট ২০২৬, ১৬:২০ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৬, ১৭:৪২ পিএম

জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে। ছবি: সংসদ টেলিভিশন (লাইভ)

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জাতীয় সংসদের সংসদকক্ষে এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট প্রক্রিয়ার সূচনাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাষ্ট্রপতির দায়িত্বে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বেলা ২টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তাঁর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। ১৯৯১ সালে দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ ভোট গ্রহণ করা হয়েছিল। পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার একাধিক প্রার্থী থাকায় তিন দশক পর সংসদ সদস্যরা আবার ব্যালটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার বেলা ২টায় সংসদকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। শুরুতে মাইকের সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও এ নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এবং ১৯৯১ সালের আইন ও বিধিমালা অনুযায়ী ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

সিইসি তাঁর বক্তব্যে দুই প্রার্থীর পরিচয় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রথম প্রার্থী হলেন এলডিপির প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, যার প্রস্তাবক বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর শফিকুর রহমান এবং সমর্থক এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। দ্বিতীয় প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার প্রস্তাবক আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

ভোট প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যালট পেপারের মুড়ি ও মূল অংশে সংসদ সদস্যদের নিজ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট বাক্সে জমা দিতে হচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।

সংসদে মোট ৩৪৯ জন ভোটার সংসদ সদস্যের মধ্যে বিএনপির একক আসন ২৪৭টি এবং জোট মিলিয়ে তা ২৫০টি। বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের আসনসংখ্যা ৯০। ফলে ভোটের ফলাফল কার্যত নিশ্চিত থাকলেও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণেই এ তফসিল বাস্তবায়িত হচ্ছে।

বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদকক্ষে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচন কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদকক্ষেই নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং পরবর্তীতে সরকারি গেজেট প্রকাশ করা হবে। আজ নির্বাচিত হওয়া নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম নিশ্চিত করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.