× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জা ফখরুলই কি পরবর্তী রাষ্ট্রপতি?

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৬ আগস্ট ২০২৬, ২৩:২৭ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৬, ০০:৫০ এএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলটির বর্তমান মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন আলোচনার শীর্ষে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র ও দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একজন সর্বজনগ্রাহ্য, পরীক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিবিদকে রাষ্ট্রপ্রধান পদে আসীন করতেই এই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। আগামী ২০ আগস্ট নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী চয়নের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবেন।

বিএনপির নীতি-নির্ধারণী ফোরামের এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন, “দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় চরম প্রতিকূল পরিবেশে দলের ঐক্য ধরে রাখা এবং দেশের রাজনীতিতে তাঁর ইতিবাচক ভাবমূর্তি ও সর্বজনীন গ্রহণযোগ্যতাকে সম্মান জানাতেই শীর্ষ নেতৃত্ব তাঁকে বঙ্গভবনে পাঠানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।”

জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা ক্ষমতাসীন বিএনপি থেকে যাকেই মনোনীত করা হবে, তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ, রাষ্ট্রপতির তফসিল ঘোষণার পর প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার গণমাধ্যমকে জানান, সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ বিবেচনায় কোনো প্রার্থী দাঁড় করানোর সুযোগ দেখছেন না তারা।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। এর আগে গত ২৪শে জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদের প্রায় দেড় বছর বাকী থাকতেই পদত্যাগ করলে পদটি শূন্য হয়, যেখানে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন পরিচালনার জন্য তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং যেকোনো সাংবিধানিক সংকট মোকাবিলায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদের বঙ্গভবনে থাকা জরুরি বলে মনে করছে বিএনপি। দলটির একটি পক্ষ মির্জা ফখরুলকে সরকারে রাখা গুরুত্বপূর্ণ মনে করলেও, নীতি-নির্ধারকদের বড় অংশের মত—সংকটকালে দৃশ্যমান মূল নেতৃত্বে থাকা এই শীর্ষ নেতাকেই রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ সম্মান দেওয়া যুক্তিযুক্ত। আগামী ১৩ আগস্ট মনোনয়ন জমার শেষ তারিখের আগেই তারেক রহমানের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.