× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন: জামায়াত আমির শফিকুর রহমান

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৫ আগস্ট ২০২৬, ২০:৪৬ পিএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৬, ২১:১০ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ এবং গণভোটের রায় বাস্তবায়নে চরম প্রতারণার অভিযোগে দেশে আরেকটি ‘অনিবার্য বিপ্লব’ আসন্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফ্যাসিবাদের যেকোনো পুনরুত্থান রুখে দিতে এবং জনগণের অধিকার আদায়ে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো চাপ বা প্রলোভনের মুখেও গণআকাঙ্ক্ষার বাইরে যাওয়ার সুযোগ নেই।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১-দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির ২৪-এর জুলাই বিপ্লবের গণচরিত্র রক্ষা, শহীদ ও আহতদের সঠিক পুনর্বাসন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে বিরোধীদলীয় নেতা সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, "সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। বিপ্লব কোনো বয়স মানে না; চব্বিশের জুলাইয়ে যেমন আবাল-বৃদ্ধ-বনিতা সবাই রাজপথে ছিল, আগামীতেও সবাই তরুণ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র ও আপসহীন লড়াইয়ে নামবে।"

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির  শফিকুর রহমান বলেন , "জুলাই আন্দোলনের কোনো একক 'মাস্টারমাইন্ড' নেই; ১৮ কোটি নির্যাতিত মানুষই ছিল এর মূল নায়ক। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন হারিয়ে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করা হচ্ছে। জীবনের বিনিময়ে হলেও আমরা জনগণের রায় আদায় করব।"

সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, মাত্র পাঁচ মাসের মধ্যে কেন জনগণের সঙ্গে এত বিশ্বাসঘাতকতা করা হলো। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ‘গণরুম-গেস্টরুম সংস্কৃতি’ ও অস্থিরতা দেখা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি যেখানেই ফ্যাসিবাদী আচরণ দেখা যাবে, সেখানেই কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "আমাদের এমন জায়গায় ধাক্কা দেবেন না, যেখান থেকে আপনাদের পতন শুরু হবে।" সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যেকোনো জুলুমের বিরুদ্ধে আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এবং অতীতের সন্ত্রাসনির্ভর রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে জামায়াত, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি ও এনসিপিসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা একসুরে স্পষ্ট করেন যে, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা রক্ষায় আগামী দিনে কোনো সমঝোতার সুযোগ নেই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.