× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৫ আগস্ট ২০২৬, ০৪:১৬ এএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৬, ০৪:১৮ এএম

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্য না দিতে অনুরোধ করা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বা আগাম সংবাদ প্রচার করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে বক্তব্য বা আগাম তথ্য প্রকাশ করা আদালত অবমাননার শামিল উল্লেখ করে দেশের গণমাধ্যমগুলোকে এই সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পুনঃআহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ওই বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য প্রচারে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সম্প্রতি ক্ষমতাচ্যুতির দুই বছর পূর্তিতে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে তাঁর যুক্ত হওয়ার গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "এর আগেও নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা আবার বক্তৃতা করবেন, এ ধরনের নিউজ যদি কেউ প্রকাশ করে বা আগাম তথ্য দেয়, তবে তা আদালতের রায় 'ভায়োলেট' করবে। আমরা আগেরবার সতর্কতা দিয়েছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি—আদালতের নির্দেশ মেনে তা থেকে বিরত থাকুন। কেউ যদি মনে করেন তাঁর বক্তব্য প্রচার হওয়া উচিত, তবে রাযকে চ্যালেঞ্জ করে তিনি আদালতে যেতে পারেন।"

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "যাঁকে ধরে বেঁধে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে চাই, তিনি নিজে দেশে আসার কথা বললে তা হাস্যকর শোনায়। আমরা ভারতকে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং তিনি সম্পূর্ণ ন্যায়বিচার ও আত্মপক্ষ সমর্থনের আইনগত সুযোগ পাবেন।"

তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা যেন দিল্লি থেকে কোনো রাজনৈতিক বক্তব্য বা তৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে ইতোমধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতের পার্লামেন্টের একটি কমিটিও তাঁকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি না দেওয়ার পক্ষে মত দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রশাসনে বিগত সরকারের লোকজনের বহাল থাকা ও পরিবর্তনের ধীরগতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের উদাহরণ টেনে বলেন, ১৫ বছরের জট এক দিনে খোলা সম্ভব নয় এবং দক্ষতার বিষয় চিন্তা করে পদে পদে পরিবর্তন আনা হচ্ছে। এ ছাড়া নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরার বিষয়ে সরকারের নিজ থেকে কোনো উদ্যোগ নেই জানিয়ে তিনি বলেন, তসলিমা নাসরিন চাইলে আইনি প্রক্রিয়ায় আবেদন করতে পারেন, যা পরবর্তীতে বিবেচনা করা হবে।

একই সঙ্গে নিম্ন আদালতে সরকারের হস্তক্ষেপ ও জ্বালানি সংকট নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্পষ্ট করেন যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সরকার শুধু তদন্ত ও মামলা পরিচালনায় সহায়তা করে। আর লোডশেডিং দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যার দ্রুত সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.