× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই, মন্তব্য সমর্থন করে না দিল্লি: জয়সোয়াল

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

০৫ আগস্ট ২০২৬, ০১:৪৭ এএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৬, ০১:৪৮ এএম

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে একটি বেসরকারি মঞ্চে অডিও বার্তা প্রদান কিংবা রাজনৈতিক মনোভাব প্রকাশের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা লেনাদেন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো বিতর্কিত বক্তব্য দেওয়া হলে ভারত সরকার তা অনুমোদন বা সমর্থন করে না বলেও স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দিল্লির ফরেন করেসপন্ডেটস ক্লাবে (এফসিসি) শেখ হাসিনার সম্ভাব্য অনুষ্ঠান ঘিরে আয়োজিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

রণধীর জয়সোয়াল বলেন, "যে অনুষ্ঠান ও মতবিনিময়ের প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, তার আয়োজক একটি বেসরকারি মিডিয়া সংস্থা। ওই অনুষ্ঠান বা আয়োজনের সঙ্গে ভারত সরকার বা আমাদের কোনো যোগাযোগ বা লেনাদেনা নেই।"

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "সেখানে যা কিছু বলা হয় বা হতে পারে, সরকার তা সমর্থন করে না। এর সঙ্গে ভারত সরকারের কোনো ‘রিস্তা’ বা সম্পর্কও নেই।"


"ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কিংবা তাঁর দলীয় কোনো নেতা যেন ভারতে অবস্থানকালে রাজনৈতিক বক্তব্য প্রদান না করেন। এ ধরনের তৎপরতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ব্যাহত করতে পারে।"
— হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ।


কূটনৈতিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় এফসিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সজীব ওয়াজেদ জয় ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে এবং শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচারের পরিকল্পনা রয়েছে। তবে এ অনুষ্ঠান নিয়ে ইতোমধ্যে তীব্র আপত্তি প্রকাশ করেছে ঢাকা। গতকাল সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে তলব করে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে দিল্লির সক্রিয় সহযোগিতা কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলন দমনকালে সংঘটিত হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং বাংলাদেশ সরকার তাঁকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের আনুষ্ঠানিক দাবি জানিয়ে আসছে।

এদিকে সংবাদ ব্রিফিংয়ে ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং গঙ্গার পানিচুক্তি নবায়ন নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। তিনি জানান, বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে আন্তর্জাতিক প্রথা অনুসারেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি, যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কার্যপদ্ধতি অনুসরণ করেই গঙ্গার পানিচুক্তি নবায়নের আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে দিল্লি আশ্বস্ত করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.