× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএসসিসি নির্বাচন

সাদিক কায়েমকে জামায়াতের প্রার্থী, বিকল্প ভাবছেন আসিফ মাহমুদ

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৭ জুলাই ২০২৬, ১৭:১৬ পিএম । আপডেটঃ ২৭ জুলাই ২০২৬, ১৭:৫৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে চর্চায় থাকা ডাকসুর ভিপি সাদিক কায়েম (বামে) এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ডাকসুর ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম) দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই একই পদে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করায় দুই মেরুর রাজনীতিতে নতুন সমীকরণ ও টানাপোড়েন তৈরি হয়েছে।

শিক্ষা ও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দুই তরুণ মুখের বিপরীতমুখী অবস্থানকে কেন্দ্র করে ১১-দলীয় জোটের ভেতরেই আদর্শিক ও রাজনৈতিক দ্বন্দ্বের গুঞ্জন জোরালো রূপ নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ও এনসিপি যার যার মতো একক প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষ করে সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদের প্রার্থিতা নিয়ে জামায়াতের উদ্বেগের পর এবার সিটি নির্বাচনেও সাদিক কায়েমকে সামনে নিয়ে আসায় জামায়াতের থেকে আসিফ মাহমুদের সমর্থন পাওয়ার আশা কার্যত শেষ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এরই মধ্যে জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক দূরত্ব তৈরীর প্রেক্ষাপটে বিকল্প রাজনৈতিক জোট ও কৌশলগত সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সম্প্রতি অনুষ্ঠিত বৈঠককে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমি ঘরানার দলগুলোর সঙ্গে এনসিপির নতুন এক নির্বাচনী মোর্চা গঠনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণার পর বা আগে যদি জাতীয়ভাবে মনে হয় যে সমঝোতা হলে বিরোধী দলের প্রার্থীদের বিজয়ী হওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন শীর্ষ নেতৃত্বের মধ্যে সমঝোতা হতে পারে। তবে এখন পর্যন্ত প্রত্যেক দলই একক অবস্থান শক্তিশালী করতে মনোযোগী।"

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতের কিছু নীতিগত সিদ্ধান্তের বিপরীতে আসিফ মাহমুদের অবস্থানের কারণেই দলটির এই অঘোষিত আপত্তি। এনসিপি এবার আর জোটের সিদ্ধান্তে নিজেদের সংকুচিত না রেখে স্থানীয় সরকার নির্বাচনে অন্তত ৭০ শতাংশ আসনে সরাসরি লড়াই করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সাদিক কায়েম ইতোমধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের পদ ছেড়ে ঢাকা দক্ষিণে পুরোদমে মাঠ সাজানোর কাজ শুরু করলেও আসিফ মাহমুদ এনসিপি থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি কওমিভিত্তিক দলগুলোর সঙ্গে সমন্বয়ে নতুন সমীকরণ তৈরি করবেন, তা তফসিল ঘোষণার পরই পরিষ্কার হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.