× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: স্থায়ী কমিটির প্রার্থীর দিকেই নজর বিএনপির

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৫ জুলাই ২০২৬, ১৩:০০ পিএম । আপডেটঃ ২৫ জুলাই ২০২৬, ১৫:১৬ পিএম

মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন (ওপরে বাঁ থেকে), মঈন খান, নাসিমুল গণি (নিচে বাঁ থেকে) ছবি: কোলাজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী উচ্চপর্যায়ের সূত্রমতে, দলের বাইরে থেকে নয়, বরং বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই মনোনীত হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই নতুন রাষ্ট্রপ্রধানের মনোনয়ন ঘিরে ক্ষমতাসীন দলটিতে দৌড়ঝাঁপ ও মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের মনোনীত প্রার্থীই দেশের আগামী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এ বিষয়টি নিশ্চিত।

দীর্ঘদিন ধরে দলটির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং একজন সাবেক প্রধান বিচারপতির নাম আলোচনায় থাকলেও শারীরিক প্রতিকূলতা ও সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে অনেকেই পিছিয়ে পড়েছেন। গত দুদিনে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে উপযুক্ত প্রার্থী মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এক বার্তায় তিনি বলেন, "শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন। বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।"

একই মতামত ব্যক্ত করেছেন ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ নাগরিক সমাজের একাধিক প্রতিনিধি। বিএনপির ভেতরের একটি প্রভাবশালী অংশও মির্জা ফখরুলকে রাষ্ট্রীয় এই সর্বোচ্চ পদে দেখতে সক্রিয় রয়েছে।

তবে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও পরিবর্তিত বাস্তবতা পরিস্থিতি নতুন রূপ দিতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, "রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনও সময় হাতে রয়েছে। রাজনীতির গতিপ্রকৃতি দ্রুত বদলায়, ফলে আজ যাঁরা আলোচনায় এগিয়ে রয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তে সমীকরণ পাল্টেও যেতে পারে।"

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ভোটের মধ্য দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের দায়িত্ব সামলাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.