× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগের পরও যেসব আমৃত্যু সরকারি সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৫ জুলাই ২০২৬, ০১:৩২ এএম । আপডেটঃ ২৫ জুলাই ২০২৬, ০২:২১ এএম

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষের পৌনে দুই বছর আগেই পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ পূর্ণ করার আগেই পদত্যাগ করলেও ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুযায়ী তিনি আমৃত্যু রাষ্ট্রীয় পেনশন, উচ্চমানের চিকিৎসা সেবা, বিশেষ প্রটোকলসহ নানা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সংবিধান অনুযায়ী ইতিমধ্যে কার্যকর হয়েছে।

আইন বিশেষজ্ঞরা জানান, কোনো ব্যক্তি অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে বা মেয়াদ পূর্ণ করলে তিনি পূর্ণাঙ্গ সাবেক রাষ্ট্রপতির মর্যাদা ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন। ২০২৩ সালের এপ্রিল থেকে তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করায় মো. সাহাবুদ্দিন আইনিভাবেই এসব সুযোগ-সুবিধা পাবেন।

উক্ত আইনের ৪২ নম্বর ধারা অনুযায়ী, অবসরভাতা হিসেবে একজন সাবেক রাষ্ট্রপতি তাঁর সর্বশেষ গৃহীত মূল বেতনের (বর্তমানে ১ লাখ ২০ হাজার টাকা) ৭৫ শতাংশ, অর্থাৎ প্রতি মাসে নগদ ৯০ হাজার টাকা অবসরভাতা পাবেন। চাইলে তিনি মাসিক ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিকও (গ্র্যাচুইটি) গ্রহণ করতে পারেন। যার জন্য অবসরের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হয়।

অর্থনৈতিক সুবিধার পাশাপাশি দাপ্তরিক ও ব্যক্তিগত সহায়তার জন্য সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন অফিস সাহায্যকারী পাবেন। যাঁর সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। একই সঙ্গে একজন পূর্ণ মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা প্রদান করা হবে তাঁকে।

প্রটোকল ও অন্যান্য নাগরিক সুবিধার অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি আমৃত্যু একটি লাল মলাটের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ, দেশের অভ্যন্তরে ভ্রমণে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার অধিকার এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদানের জন্য সরকারি যানবাহন সুবিধা দেওয়া হবে।

তবে আইন অনুযায়ী, ভবিষ্যতে যদি কোনো সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কোনো নতুন দায়িত্বে যোগ দিয়ে সংযুক্ত তহবিল থেকে বেতন পান কিংবা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতে দণ্ডিত হন অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক তাঁর রাষ্ট্রপতি পদে আরোহণ অবৈধ ঘোষিত হয়—তবে এসব সুযোগ-সুবিধা বাতিল বলে গণ্য হবে। বর্তমানে মো. সাহাবুদ্দিনের ক্ষেত্রে এ ধরনের কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় তিনি নিয়ম অনুযায়ী আমৃত্যু এসব রাষ্ট্রীয় সুবিধা পেয়ে যাবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.