× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন?

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৪ জুলাই ২০২৬, ১৮:১১ পিএম । আপডেটঃ ২৪ জুলাই ২০২৬, ১৮:১২ পিএম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: বাসস

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা স্পিকার নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরেন এবং তাঁর কাছেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "তিনি (মো. সাহাবুদ্দিন) গুরুতর অসুস্থ। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে তিনি অসামর্থ্য প্রকাশ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন।"

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। একই সাথে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক গেলেও উদ্ভূত রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়সূচির দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন স্পিকার। এর পরপরই বঙ্গভবন ও জাতীয় সংসদকে কেন্দ্র করে পদত্যাগের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে যায়। অভ্যুত্থানের পর নানা রাজনৈতিক আলোচনা তৈরি হলেও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপি তাঁকে অবিলম্বে অপসারণের উদ্যোগ নেয়নি।

তবে সাম্প্রতিক সময়ে এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকাকালে ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন মো. সাহাবুদ্দিন। এই খবরের জের ধরে তাঁর পদত্যাগের রাজনৈতিক গুঞ্জন নতুন মাত্রা পায়। গতকাল সচিবালয়ে এক বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, "শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন।"

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন—এমনটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.