পদত্যাগপত্র জমা দেওয়া দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
দেশের ২২তম রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই মো. সাহাবুদ্দিনের এই পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় পরিবর্তন এলো। শুক্রবার বিকেলে পাঁচটায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুচ্ছদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
সাংবিধানিক নিয়ম অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক। সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু বর্তমান জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই দলটির মনোনীত প্রার্থীই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে আজ দুপুরে চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সূচির দুই দিন আগেই দেশে প্রত্যাবর্তন করেন। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, "রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র পাঠাবেন। সে ক্ষেত্রে আইনানুযায়ী স্পিকার দায়িত্ব নেবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।"
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাঁর পদে থাকা নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
