রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। একই প্রেক্ষাপটে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ২২তম রাষ্ট্রপতির বিদায় এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
বঙ্গভবনের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, রাষ্ট্রপতি পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্র প্রস্তুত করা হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দিতে হয়। ফলে স্পিকারের এই জরুরি আকস্মিক প্রত্যাবর্তন রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ও প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিয়েছে।
শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কিছু নিশ্চিত না করে বলেন, "আপনারা সংবাদমাধ্যমে যেমন শুনেছেন। আমিও তেমনই শুনেছি। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সপ্তাহ দেশের বাইরে থাকায় সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।"
তবে বঙ্গভবনের অভ্যন্তরীণ পরিবেশ ও কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট পরিবর্তনের আভাস মিলছে। বঙ্গভবনে কর্মরত এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "স্যার (রাষ্ট্রপতি) দুদিন আগেই আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন। তিনি জানিয়েছেন যে তাকে চলে যেতে বলা হয়েছে। এমনকি চলতি মাসের মধ্যেই বঙ্গভবনের সার্বিক দায়িত্ব গুটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।"
সংবিধানের ৭৪ ও ৫৭ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তাঁর পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। দেশের ইতিহাসে তিনিই একমাত্র রাষ্ট্রপতি, যিনি তাঁর মেয়াদে তিনজন পৃথক সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে চলমান পরিবর্তনের ধারায় তাঁর পদত্যাগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
