তথ্য মন্ত্রণালয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে প্রকাশিত এক জরুরি তথ্যবিবরণীতে (নম্বর: ১৪৫) দেশের প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে এই বাধ্যবাধকতা কঠোরভাবে প্রতিপালনের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি এই আহ্বান জানানো হয়।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।"
বিবৃতিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতিও এই নির্দেশনা মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, যেকোনো মাধ্যমে তাঁর অডিও-ভিডিও প্রচার করা আদালতের অবমাননা এবং প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
তথ্য মন্ত্রণালয় আরও জানায়, "সরকার প্রত্যাশা করে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তাঁর বক্তব্য প্রচারের এই আইনি প্রক্রিয়াটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারের এই নতুন সতর্কবার্তা ও অনুরোধের পর দেশের টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালগুলো পলাতক আসামিদের বক্তব্য প্রচারের ক্ষেত্রে আরও কঠোর আইনি নজরদারির আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য মন্ত্রনালয়ের বিবৃতি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
