× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতিহাসের অপ্রিয় সত্য ভুলে গেলে চলবে না: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ জুন ২০২৬, ০১:৫০ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৬, ০১:৫২ এএম

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ইতিহাস ও রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে তিনি দলটির ১০০ বছরের ইতিহাসের দাবিকে নাকচ করে দিয়ে এর জন্ম ও বিবর্তনের সঠিক কালানুক্রম তুলে ধরেন।

রোববার (২৮ জুন) সংসদে দেওয়া এক দীর্ঘ ও তথ্যবহুল বক্তব্যে তিনি দলটির অতীত ভূমিকা, বর্তমান নির্বাচনী ইশতেহার এবং আর্থিক অনিয়মের প্রসঙ্গ টেনে বলেন, ইতিহাসের যে অংশগুলো নিজেদের পক্ষে যায় না, সেগুলো ভুলে গেলে চলবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঘাঁটাঘাঁটি করে দেখলাম, জামায়াতে ইসলামীর জন্মই হয়েছে ১৯৪১ সালের ২৬ আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরে। এখন তো ৮৪ বছর বয়স। ১০০ বছর হয় নাই।"

তিনি দেশভাগের পর জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশে দলটির কার্যক্রমের রূপান্তর নিয়ে আলোচনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, "১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন দিলে আপনারা আবার জামায়াতে ইসলামী বাংলাদেশ হিসেবে রাজনীতি শুরু করেন।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "১৯৭১ সালের স্বাধীনতার সময় আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবেই ফয়সালা হয়ে গেছে। তৎকালীন জামায়াতে ইসলামী স্বাধীনতাযুদ্ধের বিরোধী ছিল।" তিনি আরও যোগ করেন, যুদ্ধকালীন মালেক সরকারের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রিসভায় জামায়াতের দুজন নেতা অন্তর্ভুক্ত ছিলেন।

জামায়াতের বর্তমান রাজনৈতিক চরিত্র ও ইশতেহার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা যখন বলেন জামায়াতে ইসলামী ইসলামি দল, তখন প্রশ্ন করি—আপনাদের নির্বাচনী ইশতেহারের কোথাও কি বলেছেন শরিয়াহ ব্যবস্থা চালু করবেন, ইসলামি রাষ্ট্র করবেন। ইসলামি বিচারব্যবস্থা বা ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠা করবেন? কোথাও তো লেখা নেই।"

তিনি বলেন, "আপনাদের মনোগ্রাম থেকে আক্বিমুদ্দীন ‘দ্বীন কায়েম’ কথাটাও বাদ দিয়েছেন। তাহলে নিজেদের ইসলামি দল হিসেবে কীভাবে দাবি করেন?"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনাদের একজন নেতা বলেছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতায় আনবেন। আবার বলা হয়েছে, জামায়াতকে ভোট দিলে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে।" এই ধরনের বক্তব্য রাজনৈতিক সৌজন্য ও সীমার চরম লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্পের অনিয়ম নিয়ে নিজের পূর্ববর্তী বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ হাজির করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, "২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ১০ হাজার ৫২৭ কোটি টাকা বিতরণ হয়েছে। আমি আগে ১১ হাজার কোটি টাকা বলেছিলাম, প্রয়োজন হলে এর শতভাগ প্রমাণও দিতে পারব।"

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের সাম্প্রতিক কিছু ইতিবাচক ভূমিকার মূল্যায়ন করলেও অতীতকে অস্বীকার করার প্রবণতার নিন্দা জানান। তিনি বলেন, "১৯৯০ ও ২০২৪ সালে আপনাদের কিছু ভূমিকার স্বীকৃতি আমরা দিই। কিন্তু ইতিহাসের যে অংশগুলো আপনাদের পক্ষে যায় না। সেগুলোও ভুলে গেলে চলবে না।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.