বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। তাদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে । তিনি বলেছেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে দেশে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে। গণতন্ত্র রক্ষায় যেকোনো অপশক্তিকে প্রতিহত করা এখন সময়ের দাবি।
সভায় বিশেষ বক্তা হিসেবে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই চক্রান্তের সঙ্গে নতুন যোগ হয়েছে বটবাহিনী। কিন্তু এতে কোনও লাভ হবে না, জনগণ সব সময় বিএনপি ও তারেক রহমানের সঙ্গে আছে। এই সরকারকে যেকোনও মূল্যে আমাদের রক্ষা করতে হবে।”
দেশবাসীকে এই গভীর ষড়যন্ত্র সম্পর্কে এখনই সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু সতর্ক করেন, এখনই পদক্ষেপ না নিলে সামনে বড় বিপর্যয় বা বিপদ আসন্ন।