× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ষড়যন্ত্রের মাধ্যমে দেশে 'মব কালচার' তৈরি করা হচ্ছে: রিজভী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ জুন ২০২৬, ১৯:১৬ পিএম । আপডেটঃ ০১ জুন ২০২৬, ১৯:৩৯ পিএম

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি রাজনৈতিক দল উসকানি দিয়ে দেশে বিপজ্জনক ‘মব কালচার’ (গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি) তৈরি করছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করেছে, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এখন জনগণের ঐক্য প্রয়োজন।

আজ সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দল’। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিগত আওয়ামী লীগ সরকারের আর্থিক দুর্নীতির তীব্র সমালোচনা করেন।

রুহুল কবির রিজভী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বিএনপি সবসময় কর্মসংস্থানের সরকার হিসেবে কাজ করেছে, বেকার তৈরির সরকার নয়। আজকে মধ্যপ্রাচ্যসহ বিদেশে যে কোটির ওপরে বাংলাদেশি কাজ করছেন, তার মূল রূপকার ছিলেন জিয়াউর রহমান।" আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে হকারদের পুনর্বাসনসহ সব সেক্টরে চাকরির ব্যবস্থা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

রিজভী জানান, শেখ হাসিনা ও তার দোসররা বিভিন্ন মেগা প্রকল্পের নামে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, "সে সময় কুড়িগ্রামের বাসন্তী শাড়ি না পেয়ে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছিল, যা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছিল। গত ১৬ বছরেও তারা একই ধরনের অপশাসন চালিয়ে জাতিকে ক্রীতদাস বানানোর চেষ্টা করেছে।"

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "কেউ কেউ বলছেন তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। ৯৪-৯৬ সালে তাদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার পরিণতি ভুলে যাবেন না; যার খেসারত হিসেবে আপনাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। এই গায়ে পড়ে পিরিত করার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, তা ইতিহাস প্রমাণ করে।"

রুহুল কবির রিজভী বলেন, "আজকে যদি কোনো ছিদ্রপথে পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেমন বিপন্ন হবে, তেমনি গণতন্ত্রও গোরস্তানে চলে যাবে। সুতরাং, সময় থাকতে সবাইকে সাবধান হতে হবে।"

রিকশা-ভ্যান-অটোচালক দলের আহ্বায়ক আরিফুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে স্থানীয় শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.