× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসেছে’: বলেছেন মাহফুজ আলম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ মে ২০২৬, ০০:৪৭ এএম । আপডেটঃ ২০ মে ২০২৬, ০০:৪৯ এএম

আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের নীতিগত বিচ্যুতি, মব জাস্টিস, উগ্রবাদের উত্থান এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার ভাগাভাগির সমীকরণকে আওয়ামী লীগের এই ‘ধর্মতাত্ত্বিক’ প্রত্যাবর্তনের জন্য সরাসরি দায়ী করেছেন গণ-অভ্যুত্থানের অন্যতম এই শীর্ষনেতা।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, "লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।" এরপর তিনি আওয়ামী লীগের এই প্রচ্ছন্ন রাজনৈতিক প্রত্যাবর্তনের পেছনে এক দীর্ঘ ও সুনির্দিষ্ট কারণের তালিকা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানকে যখনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, সেদিনই মূলত আওয়ামী লীগের ফেরার পথ সুগম হয়েছে। এছাড়া গত ১৭ বছরের মজলুমদের একাংশ যখন আইনের শাসনের তোয়াক্কা না করে 'মবের শাসনে' আনন্দ পেয়েছে, তখনই দলটির আদর্শিক ভিত্তি পুনরুজ্জীবিত হয়েছে।

দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক ও সাংস্কৃতিক অসহিষ্ণুতার সমালোচনা করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মাজার ও মসজিদে হামলা, হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনায় তথাকথিত মজলুমদের নীরবতা এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধের মানুষের মাঝে 'সরকার প্রযোজিত' ডানপন্থার ভীতি তৈরি হওয়াকে তিনি দলটির ফেরার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেন।

সাবেক এই উপদেষ্টা তাঁর নিজের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেও দ্বিধা করেননি। তিনি দাবি করেন, রাষ্ট্রব্যবস্থার আমূল বিলোপের বদলে 'ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশন' নাম দিয়ে জনগণকে আসলে হতাশ ও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের গোপন তথ্য ফাঁস করে দিয়ে লেখেন, "লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে বিএনপি ও [অন্যান্য দল] অন্তরিণ (অন্তর্বর্তী) সরকারের বিরুদ্ধে গেল আর বিএনপি ও [অন্যান্য দল] ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরিণ।"

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একপর্যায়ে রাজনৈতিক চরিত্র হারিয়ে সম্পূর্ণ আমলাতান্ত্রিক হয়ে পড়ে এবং 'কিচেন ক্যাবিনেট' দ্বারা পরিচালিত হতে শুরু করে। তাঁর ভাষায়, এই কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি কিংবা আওয়ামী লীগের ‘ছুপা দালাল’, যাদের কাছে জুলাই বিপ্লবের চেয়ে নিজেদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ বড় ছিল।

বিপ্লবের চালিকাশক্তি ছাত্রসমাজের অবক্ষয় নিয়েও দুঃখ প্রকাশ করেছেন মাহফুজ আলম। তিনি বলেন, ছাত্ররা যখন একটি বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের 'ক্লাব আর মবে' পরিণত হলো, তখনই আওয়ামী লীগের পুনরুত্থান নিশ্চিত হয়েছে। এছাড়া ঢালাওভাবে বাম-শাহবাগীদের পেটানো এবং কাওয়ালি বা ইনকিলাবি সংস্কৃতির মতো ‘রিগ্রেসিভ’ বা পশ্চাৎপদ সংস্কৃতি দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলার চেষ্টাকেও তিনি আত্মঘাতী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনী বাঁটোয়ারার মাধ্যমে জুলাইয়ের সংস্কার ও বিচার প্রক্রিয়াকে আপসকামিতার মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং কমিশন, ট্রাইব্যুনাল ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট আদর্শের লোকদের ক্ষমতায়োহণের হাতিয়ার বানানো হয়েছে। এই বিচ্যুতির তালিকা আগামীতে আরও দীর্ঘ হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.