× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইডেনে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখার দাবি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ মে ২০২৬, ০২:৩৮ এএম । আপডেটঃ ১০ মে ২০২৬, ০২:৩৮ এএম

মধ্যরাতে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ইডেন মহিলা কলেজ। শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে কলেজের মূল ফটকের তালা ভেঙে শত শত আবাসিক শিক্ষার্থী রাজপথে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। সন্ধ্যায় ক্যাম্পাসের প্রবেশদ্বারে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ সংবলিত দেয়াললিখন কে বা কারা মুছে দেওয়ার পর এই উত্তেজনার সূত্রপাত হয়।

ঘটনার শুরু হয় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের হলের তালা ভেঙে প্রধান ফটকের সামনে জড়ো হন। এসময় তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এবং ‘ইডেন কলেজে রাজনীতি, চলবে না চলবে না’—এমন স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রবেশদ্বারে ঝোলানো বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠী ক্যাম্পাসের দীর্ঘদিনের স্থিতিশীলতা নষ্ট করে পুনরায় রাজনৈতিক প্রভাব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে কোনো ধরনের দলীয় রাজনীতির ছায়া এই ক্যাম্পাসে দেখতে চান না।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সুরাইয়া বেগম বলেন, “ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ—এটা সর্বজনস্বীকৃত। গেটে সেই ঘোষণাটি স্পষ্টভাবে লেখা ছিল। কিন্তু সন্ধ্যায় দেখলাম সেই লেখা মুছে ফেলা হয়েছে। গুটিকয়েক শিক্ষার্থী আবার ছাত্র রাজনীতি ফিরিয়ে এনে ক্যাম্পাস অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা এটা হতে দেব না।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিএমপির লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “ইডেনের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করছেন। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

রাত দেড়টা পর্যন্ত ইডেন কলেজ এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার কার্যকর পদক্ষেপ ও মুছিয়ে দেওয়া দেয়াললিখন পুনরায় স্থাপন না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.