২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র। ফাইল ছবি
বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ-সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণের সিদ্ধান্তটি এখন পূর্ণাঙ্গ আইনি ভিত্তি পেল। বুধবার দুপুরে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হওয়ার পর দলটির ভবিষ্যৎ এবং এর নেতাকর্মীদের আইনি দায়বদ্ধতা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
গত ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তী সরকারের জারি করা সেই নির্বাহী আদেশটি স্থায়ী রূপ দিতে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি সংশোধিত আকারে বিলটি উত্থাপন করে। বুধবার দুপুর সোয়া ১২টায় সংসদ অধিবেশনে কোনো জোরালো বিরোধিতা ছাড়াই বিলটি পাস হয়। এর ফলে দলটির ওপর থাকা নিষেধাজ্ঞা এখন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের সুসংহত আইনের অংশে পরিণত হলো।
আইন বিশ্লেষকদের মতে, এই বিল পাসের ফলে আওয়ামী লীগের কেবল সাংগঠনিক অস্তিত্বই বিপন্ন হয়নি, বরং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিধি আরও বিস্তৃত হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা এখন থেকে দণ্ডনীয় অপরাধ। ফলে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।
বিশেষ কমিটির সুপারিশে বলা হয়েছে, দলটির গত ১৫ বছরের শাসনামলে সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে সংজ্ঞায়িত করে এই বিলটি সাজানো হয়েছে। এটি ভবিষ্যতে দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থানকে প্রায় অসম্ভব করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
সংসদে বিল পাসের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ অপরিহার্য ছিল। তবে বিরোধী মতাদর্শী কেউ কেউ বিষয়টিকে নাগরিক অধিকারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছেন। যদিও সাধারণ মানুষের একাংশ জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই আইনকে স্বাগত জানিয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সংসদীয় পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এটি কেবল একটি দলের কার্যক্রম বন্ধ হওয়া নয়, বরং দায়বদ্ধতা ও জবাবদিহিতার রাজনীতির এক নতুন মানদণ্ড হিসেবেও বিবেচিত হতে পারে। তবে এই আইনের প্রয়োগ কতটা সুষম হবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় এটি কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। আপাতত, কয়েক দশকের প্রভাবশালী এক রাজনৈতিক শক্তির আনুষ্ঠানিক বিদায়ঘণ্টাই বাজল সংসদের এই সিদ্ধান্তে।
বিষয় : আওয়ামী লীগ সংসদ ভবন
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
