× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার দুই সিটিতে ভোটের হাওয়া, আলোচনায় যারা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ১১:১৬ এএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদের দৌড়ে আলোচনায় থাকা শীর্ষ নেতৃবৃন্দ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপির সরকার গঠনের পর দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন স্থানীয় সরকার নির্বাচন। বিশেষ করে ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ (ডিএসসিসি) সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ। রাজধানীর দুই নগরপিতার আসনে বসতে এরই মধ্যে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ ও মনোনয়ন লড়াই তুঙ্গে। একদিকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা নেতাদের অভিজ্ঞতা, অন্যদিকে তরুণ ও ত্যাগী নেতাদের লড়াইয়ের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ঢাকার আকাশ এখন নির্বাচনি আমেজে মুখর।

বর্তমানে দুই সিটিতে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পর্যায়ক্রমে সব সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কৌশলগত কারণে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের এই বার্তার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান হতে শুরু করেছে।

ঢাকা দক্ষিণ: 

অভিজ্ঞ বনাম তারুণ্যের লড়াই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মনোনয়ন দৌড়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও বর্তমান প্রশাসক আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সাবেক আহ্বায়ক তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে হাইকমান্ডের আস্থা অর্জন করেছেন। তবে আলোচনায় পিছিয়ে নেই ত্যাগী নেতা হিসেবে পরিচিত হাবিব উন নবী খান সোহেল। বিপুল সংখ্যক রাজনৈতিক মামলার বোঝা মাথায় নিয়েও মাঠ পর্যায়ে তার বিশাল কর্মী বাহিনী রয়েছে। এদিকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ইতোমধ্যে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে লড়াইয়ের মাঠ গরম করে রেখেছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ড. আবদুল মান্নান ও ড. হেলাল উদ্দিনের নাম আলোচনায় থাকলেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিষয়টি সুরাহা হলেও সিটি নির্বাচনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।

ঢাকা উত্তর: 

তাবিথ আউয়ালের প্রত্যাবর্তনের অপেক্ষা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে গত নির্বাচনের আলোচিত প্রার্থী তাবিথ আউয়ালকে। গত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি এবার রাজধানীর মানুষের প্রত্যাশা পূরণে মরিয়া। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন ডিএনসিসির বর্তমান প্রশাসক ও যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়া এই নেতা মহানগর যুবদলের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী।

ডিএনসিসিতে জামায়াতের বাজি হতে পারেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া দলটির ডা. এস এম খালেদুজ্জামানও রয়েছেন দৌড়ে। এনসিপির পক্ষ থেকে উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম প্রায় চূড়ান্ত বলে গুঞ্জন রয়েছে।

জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে জোটের সমীকরণ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপি এককভাবে লড়বে নাকি জোটগতভাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে জামায়াত ও এনসিপির মধ্যে একটি বিশেষ নির্বাচনি ঐক্যের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। গুঞ্জন রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিতে পারে জামায়াত। এর বিপরীতে উত্তরে জামায়াতের প্রার্থীকে সমর্থনের মধ্য দিয়ে একটি সমঝোতামূলক লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে।

রাজধানীর জলাবদ্ধতা, যানজট এবং জনদুর্ভোগ লাঘবে ঢাকার দুই সিটির নির্বাচন এখন সময়ের দাবি। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দেশের বৃহত্তম এই দুই মহানগরে জনপ্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্য এটি জনপ্রিয়তা প্রমাণের বড় পরীক্ষা। ক্ষমতার মসনদে বসা বিএনপি কি পারবে তাদের দুর্গ ধরে রাখতে, নাকি জামায়াত-এনসিপি জোট নতুন কোনো চমক দেখাবে—তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.