× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'উপাচার্য পরিবর্তন নজিরবিহীন ও উদ্বেগজনক': গোলাম পরওয়ার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আকস্মিক উপাচার্য পরিবর্তনের ঘটনাকে 'নজিরবিহীন ও উদ্বেগজনক' হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে নিছক রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিয়ে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে, যা উচ্চশিক্ষা কাঠামোর ওপর জনআস্থা চরমভাবে ক্ষুণ্ন করবে।

শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কোনো প্রকার পূর্ব আলোচনা বা মূল্যায়ন ছাড়াই এই রদবদল সম্পন্ন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রীর আকস্মিক সিদ্ধান্তে আটটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে যে পরিবর্তন আনা হয়েছে, তা একাডেমিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন। গোলাম পরওয়ার উল্লেখ করেন, ৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে না দেওয়া এবং স্বচ্ছ কোনো কারণ ছাড়াই তাদের সরিয়ে দেওয়া একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে।

তার দাবি, নতুন নিয়োগ পাওয়া আটজনের মধ্যে সাতজনই একাডেমিক ও গবেষণার মানদণ্ডে তাদের পূর্বসূরিদের চেয়ে পিছিয়ে এবং তারা সরাসরি ক্ষমতাসীন দলের বিভিন্ন পদের সাথে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়কে ‘দলীয় ব্যক্তিদের পদায়নের ক্ষেত্র’ হিসেবে ব্যবহার না করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ মানুষের মনে যে নতুন আশা-আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, সরকারের এই ‘একতরফা’ পদক্ষেপ তাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জামায়াত সেক্রেটারি জেনারেল স্পষ্ট করেন যে, যদি উপাচার্য পরিবর্তন আবশ্যকই হয়, তবে তা সংসদে আলোচনার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ ‘সার্চ কমিটি’র মাধ্যমে হওয়া উচিত। যেখানে সরকার ও বিরোধী দল উভয়েরই প্রতিনিধিত্ব থাকবে।

বিবৃতিতে আরও প্রশ্ন তোলা হয়েছে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের ঠিক কী কারণে বা কোন ব্যর্থতার দায়ে অপসারণ করা হলো, তার সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে পেশ করতে হবে।

বিশ্ববিদ্যালয়সমূহকে ‘জাতির বিবেক গঠনের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, উচ্চশিক্ষার এই স্পর্শকাতর স্থানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এই বিবৃতিতে দেশের উচ্চশিক্ষার পরিবেশ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : জামায়াত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.