× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা, এটি ফৌজদারি অপরাধ: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ০১:২৮ এএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম

আগারগাঁওয়ে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশে গুম হওয়া ব্যক্তিদের শোকার্ত স্বজনদের দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই কর্মকাণ্ডকে ‘রীতিমতো ফৌজদারি অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

রবিবার ( ৮ মার্চ ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের আর্তনাদ নিয়ে নির্মিত ‘মায়ের ডাক’ নামক একটি প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছেন। শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হলো, এত কিছুর পরও তাঁর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি।” তিনি আরও যোগ করেন, যে মানুষগুলো আজ নিখোঁজ, তাদের সন্তানদের চোখের পানি এই শাসনের কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

গুম ও খুনের শিকার পরিবারগুলোর বর্তমান দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “গুম হওয়া মানুষের পরিবারগুলো অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের লালন-পালন ও সম্মানজনক জীবনযাপনের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তবে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এই পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করছি।”

তিনি জানান, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের অনেক সন্তানকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি আজই মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব এবং চিঠি লিখব যাতে এসব বিপন্ন পরিবারের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করা হয়। এটি কোনো করুণা নয়, বরং তাদের প্রাপ্য অধিকার।”

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন, “অনেকেই আজ মন্ত্রী-এমপি হয়েছেন বা উচ্চপদে আসীন হয়েছেন। কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তাদের সন্তানরা যেন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি না হয়। তাদের শিক্ষিত করা এবং নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া এখন আমাদের প্রধান জাতীয় দায়িত্ব।”

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজীদা আখতার তুলির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত গুম হওয়া পরিবারের সদস্যদের কান্নাভেজা কণ্ঠে দেওয়া বর্ণনা মিলনায়তনে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.