বাবা ও মেয়ের শাশ্বত সম্পর্কের এক আবেগময় প্রতিফলন দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান। বাবাকে জীবনের শ্রেষ্ঠ আদর্শ ও পরম নির্ভরতার স্থল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অনন্য গুণাবলি ও দেশপ্রেম সমগ্র জাতির সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ফেসবুক পোস্টে জাইমা রহমান স্মৃতির মণিকোঠা হাতড়ে লিখেছেন, “শৈশবে আমাদের প্রত্যেকের মনেই এক দৃঢ় বিশ্বাস থাকে যে—বাবা সব পারেন। অনেক ক্ষেত্রে বাবাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ।” নিজের বাবার প্রতি অগাধ আস্থা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমার আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর ওপর যেকোনো পরিস্থিতিতে আমি নিশ্চিন্তে ভরসা করতে পারি।”
বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি তারেক রহমানের যে আত্মিক টান, সেটিই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন জাইমা রহমান। তাঁর মতে, তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত সততা এখন দেশবাসীর কাছে দৃশ্যমান। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। ইনশাআল্লাহ, তাঁর অন্তর্নিহিত এই বৈশিষ্ট্যগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
পোস্টটির সঙ্গে জাইমা রহমান দুটি চমৎকার আলোকচিত্র যুক্ত করেছেন, যেখানে বাবা ও মেয়ের বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে। পোস্টটি শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, রাজনীতিবিদের পরিচয়ের বাইরেও একজন সহমর্মী পিতা হিসেবে তারেক রহমানের এই রূপটি সাধারণ মানুষের হৃদয়ে অন্যরকম আবেদন তৈরি করেছে।