পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর ভাসানটেক ও কড়াইল বস্তি এলাকার এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের অন্তর্গত এসব এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করেন তারা। ইফতারের পর ওই অঞ্চলের ১৪টি এতিমখানা ও মাদ্রাসার সব শিক্ষার্থীর পুরো রমজান মাসের সাহ্রি ও ইফতারের ব্যয়ভার বহনের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার বিকেলে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাসানটেক থানার ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ পৌঁছান। সেখানে শতাধিক এতিম ও হেফজ শিক্ষার্থীর সঙ্গে সাধারণের মতো মাদুরে বসে ইফতার করেন তারা। ইফতারের আগে তারা শিশুদের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন এবং তাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের কাছে পেয়ে এতিম শিশুদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হয়।
অনুষ্ঠান চলাকালে জুবাইদা ও জাইমা রহমান ঘোষণা করেন যে, রাজধানীর ভাসানটেক ও কড়াইল বস্তি এলাকার মোট ১৪টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের পুরো রমজান মাসের খাবার (সাহ্রি, ইফতার ও রাতের খাবার) তারা প্রদান করবেন। পবিত্র এই মাসে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর ও পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা দিতেই এই ব্যক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইফতারের ঠিক আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান অত্যন্ত বিনয়ের সঙ্গে অংশগ্রহণ করেন। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসী ও সুধী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।