× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিলাসিতা পরিহার ও জনবান্ধব রাজনীতির অংশ হিসেবে সরকারি বিশেষ সুবিধা বাতিলের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সরকারি প্রথা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত শুল্কমুক্ত গাড়ি ও রাজউকের প্লট গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শপথ গ্রহণ শেষে বেলা সাড়ে ১১টায় সংসদীয় দলের সভাকক্ষে এক জরুরি বৈঠকে বসেন বিএনপির সংসদ সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার নিয়ে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লটের সুবিধা গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল মানুষের আস্থা অর্জনে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংসদীয় দলের এই প্রথম বৈঠকেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে বেলা পৌনে ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। তবে বিএনপি সংসদ সদস্যরা কেবলমাত্র সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন; তারা ‘সংবিধান সংস্কার কমিশন’-এর সদস্য হিসেবে কোনো পৃথক শপথ গ্রহণ করেননি।

শপথ অনুষ্ঠানের আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সহকর্মীদের বিশেষ নির্দেশনা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তারা জনরায়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বিদ্যমান সংবিধান অনুযায়ীই শপথ নেবেন। কোনো প্রকার সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া তাদের ম্যান্ডেটের অন্তর্ভুক্ত নয়।

শপথ ও সংসদীয় দলের বৈঠক শেষে দুপুর ১২টার দিকে তারেক রহমান গুলশানের বাসভবনে ফেরেন। তবে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আগেই তিনি পুনরায় অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.