× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনা ইস্যু ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ এএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ইস্যু ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সম্পর্কের পথে অন্তরায় হবে না। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বা তাঁকে প্রত্যর্পণের বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন সরকার ভারতের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব আরও জোরালো করতে চায়। মঙ্গলবার নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রাক্কালে তাঁর এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো ভারতের নৈতিক দায়িত্ব। তবে তিনি স্পষ্ট করে জানান, "যদি তাঁকে হস্তান্তর নাও করা হয়, তবুও ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বা অন্যান্য কৌশলগত সম্পর্ক থেমে থাকবে না। আমরা ভারতের সঙ্গে আরও গভীর ও উন্নত সম্পর্ক গড়ে তুলতে চাই।" তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাঁর সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া যথানিয়মে চলবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব উদাহরণ দিয়ে বলেন, আমেরিকা ও চীনের মধ্যে নানা উত্তেজনা থাকা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে কাজ করছে। বাংলাদেশও সেই বাস্তববাদী নীতি অনুসরণ করবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থানকালেও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। ফখরুল জানান, বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে ঝুলে থাকা প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে।

সীমান্তে হত্যাকাণ্ড, গঙ্গা পানিবণ্টন চুক্তি ও ফারাক্কা বাঁধের মতো সংবেদনশীল ইস্যুগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন মির্জা ফখরুল। তিনি বলেন, "ভারতের সঙ্গে যুদ্ধের কোনো অবকাশ নেই, আলোচনার টেবিলই সব সমস্যার সমাধান।" এছাড়া বিএনপির ঘোষিত '৩১ দফা' কর্মসূচির মাধ্যমে ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল অবকাঠামো ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা কমানো এবং মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হবে বলে জানান তিনি। তিনি বলেন, যেসব প্রকল্প বাংলাদেশের জন্য কার্যকর, সেগুলো অবশ্যই বজায় রাখা হবে। এছাড়া ২০২৪ সালের সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ও সমঝোতা তৈরিতে যে ঘাটতি রেখে গেছে, বিএনপি সরকার তা পূরণে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.