নির্বাচন-পরবর্তী ‘ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক’ রাজনীতির অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের পর এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে চরমোনাই পীরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমনার সিদ্ধেশ্বরী রোডে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসভবনে পৌঁছান তারেক রহমান। সেখানে তাঁকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির ও দলটির মহাসচিব ইউনুস আহমদ। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
ইসলামী আন্দোলনের একটি সূত্র জানিয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বড় জয়ের পর প্রতিদ্বন্দ্বী ও সহযোগী দলগুলোর নেতাদের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করে তারেক রহমান যে সৌজন্য প্রদর্শন করছেন, তাকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক ‘ইতিবাচক দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে রবিবার রাতে তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
আগামীকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ঠিক আগমুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি বজায় রাখার এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারেক রহমানের আগমনের খবরে এদিন চরমোনাই পীরের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।