নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বেতন-ভাতাসহ রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন তিনি। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে যাওয়া তারেক রহমান সরকারিভাবে কী পরিমাণ বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। মূলত ‘দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হয়।
আইন অনুযায়ী, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতন বা পারিশ্রমিক পান। সরকারি বাসভবন হিসেবে তিনি ‘গণভবন’ ব্যবহারের সুবিধা পাবেন, যার সজ্জা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে রাষ্ট্র। তবে প্রধানমন্ত্রী যদি সরকারি বাসভবনের পরিবর্তে নিজের ব্যক্তিগত বাড়িতে থাকতে চান, তবে তিনি মাসিক ১ লাখ টাকা হারে বাড়ি ভাড়া পাবেন। নিজস্ব বাসভবনে থাকলেও এর বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ সব ইউটিলিটি খরচ এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণের ব্যয় সরকারি কোষাগার থেকে মেটানো হবে।
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেশ-বিদেশে যাতায়াতের সব খরচ রাষ্ট্র বহন করে। সরকারি কাজে দেশের বাইরে ভ্রমণে গেলে তিনি দৈনিক ভাতা হিসেবে পাবেন ৩ হাজার টাকা। এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ২৫ লাখ টাকার বিমা কভারেজ সুবিধা পাবেন। এমনকি সড়ক, রেল বা নৌপথে মালামাল পরিবহনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা পর্যন্ত সরকারি ব্যয় সুবিধা বিদ্যমান রয়েছে।
প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে কিংবা বিদেশে সরকারি খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া তাঁর দাপ্তরিক বিনোদনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থই ভাতা হিসেবে গণ্য হবে।
এক জন প্রধানমন্ত্রীর জন্য বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘স্বেচ্ছাধীন তহবিল’ হিসেবে বরাদ্দ থাকে। বর্তমান বিধান অনুযায়ী, এই তহবিলের পরিমাণ বছরে দেড় কোটি টাকা। এই অর্থ তিনি জনকল্যাণমূলক কাজে নিজের বিবেচনা অনুযায়ী ব্যয় করতে পারেন।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান রাষ্ট্রাচার অনুযায়ী এসব সুযোগ-সুবিধার পাশাপাশি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
