নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দল বদলে ধানের শীষ প্রতীক পেলেও তাঁদের অনেকেই ভোটের লড়াইয়ে কাঙ্ক্ষিত জয় পাননি। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটকীয় রাজনৈতিক মেরুকরণ, জোট গঠন এবং দল ত্যাগের এক মহড়া দেখেছে দেশবাসী। বিশেষ করে আরপিও-র (গণপ্রতিনিধিত্ব আদেশ) কড়াকড়িতে ছোট দলগুলোর অস্তিত্ব সংকটে পড়া এবং নির্বাচনি বৈতরণী পার হতে ধানের শীষের ছাতার নিচে আশ্রয় নেওয়ার ঘটনা ছিল সবচেয়ে আলোচিত। তবে দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও তাঁদের সবার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। ‘হেভিওয়েট’ তকমা থাকলেও ভোটের মাঠে স্বতন্ত্র বা জোটসঙ্গী জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন অন্তত পাঁচজন পরিচিত মুখ।
বিদ্রোহীদের কাছে কুপোকাত এহসানুল হুদা ও রেদোয়ান আহমেদ
বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বড় আশায় বিএনপিতে যোগ দিয়েছিলেন সৈয়দ এহসানুল হুদা। কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ নিয়েও তিনি লড়াইয়ে সুবিধা করতে পারেননি। ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। এহসানুল হুদা ৬৬ হাজার ৪৫০ ভোট পেয়ে দ্বিতীয় হন।
একই দশা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের। নির্বাচনের ঠিক আগে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসনে ধানের শীষ নিয়ে লড়েন তিনি। তবে পাঁচবারের এই সংসদ সদস্যকে বড় ব্যবধানে পরাজিত করেছেন বিএনপির বিদ্রোহী নেতা আতিকুল আলম শাওন। শাওনের ৯০ হাজার ৮১৯ ভোটের বিপরীতে রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।
জামায়াতের কাছে ধরাশায়ী রাশেদ ও ফরহাদ
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া তরুণ নেতা মো. রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে তিনি বড় ব্যবধানে হারেন। রাশেদ তৃতীয় অবস্থানে থেকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট।
নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বিলুপ্ত করে ধানের শীষ নিয়ে লড়েছিলেন এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এ নিয়ে টানা তৃতীয়বার হারলেন তিনি। এখানে ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান। ফরহাদ ৪৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে তৃতীয় হন।
ভাগ্য বদলায়নি রশীদ বিন ওয়াক্কাসেরও
যশোর-৫ আসনেও দলবদলের রাজনীতি সফল হয়নি। নিবন্ধহীন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা রশীদ বিন ওয়াক্কাস ধানের শীষ নিয়ে লড়েও তৃতীয় হয়েছেন। এখানে জামায়াতের গাজী এনামুল হক বিজয়ী হয়েছেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
দল বদলে সবাই ব্যর্থ হয়েছেন এমনটি নয়। শাহাদাত হোসেন সেলিম বিএলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে এবং এনডিএম প্রধান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে জয় ছিনিয়ে নিয়েছেন।
বিষয় : গণঅধিকার পরিষদ ত্রয়োদশ সংসদ নির্বাচন
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
