× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটে শীর্ষ তিনে বিএনপি, জামায়াত ও এনসিপি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২ পিএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। ফাইল ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছে মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, ২২৭টি আসনে প্রার্থী দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। ১১-দলীয় জোটের শরিক হিসেবে ৩২টি আসনে লড়াই করে এনসিপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

গত তিনটি সংসদে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির (জাপা) ফলাফলে নজিরবিহীন ধস নেমেছে। ১৯৯টি আসনে প্রার্থী দিলেও ‘লাঙ্গল’ প্রতীকে দলটির প্রাপ্ত ভোটের হার মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। কোনো আসনেই জয়ের দেখা পায়নি দলটি।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘হাতপাখা’ প্রতীকে ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। ১১-দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে অংশ নেওয়া বাকি ৪৫টি দলের প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এই তালিকায় রয়েছে সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, গণফোরাম ও নাগরিক ঐক্যের মতো পরিচিত দলগুলো।

ইসি সচিবালয় জানিয়েছে, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। প্রাপ্ত ভোটের এই পরিসংখ্যান আগামীতে উচ্চকক্ষের আসন বণ্টন ও রাজনৈতিক দলগুলোর সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.