সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ৪১টি দলই কোনো আসনে জয়লাভ করতে পারেনি। বড় দল হিসেবে পরিচিত জাতীয় পার্টিসহ (জাপা) ছোট-বড় ৪১টি দলই এবার সংসদের বাইরে থাকছে। অন্যদিকে, ৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২৯৭টি আসনের ফল অনুযায়ী জয় নিশ্চিত করেছেন। এর মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১-দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া একটি করে আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন আসনে ৭টি জয় তুলে নিয়েছেন।
নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল জাতীয় পার্টির (জাপা) ফলাফল। দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও একটিতেও জয় পায়নি। জাপার পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), সিপিবি, জেএসডি, বাসদ, গণফোরাম ও নাগরিক ঐক্যের মতো পরিচিত দলগুলোও কোনো আসন পায়নি। এ ছাড়া জামানত হারিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), এনডিএম এবং ইনসানিয়াত বিপ্লবসহ নতুন ও ছোট দলগুলো।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট বাতিল করা হয়েছে। এ ছাড়া আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত থাকায় বর্তমানে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল হাতে এসেছে। এবারের নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ইসির তথ্যমতে, ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। লিঙ্গভিত্তিক বিভাজনে দেখা যায়, পুরুষ প্রার্থী ছিলেন ১ হাজার ৯৪৬ জন এবং নারী প্রার্থী ছিলেন মাত্র ৮৩ জন। বড় দলগুলোর প্রার্থীদের ভিড়ে ৪১টি দলের এই শূন্য হাতে ফেরা দেশের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।