× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন চার প্রার্থী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭ পিএম । আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তিন প্রার্থী (বামে) দীপেন দেওয়ান, (মাঝে) হারুন-অর-রশিদ ও (ডানে) মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ের ব্যবধানে যেমন ছিল নাটকীয়তা, তেমনি কিছু আসনে দেখা গেছে প্রার্থীদের একচেটিয়া আধিপত্য। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত চারজন প্রার্থী তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ ছাড়া লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন আরও ২৬ জন প্রার্থী।

এবারের নির্বাচনে জয়ের ব্যবধানের দিক থেকে শীর্ষে রয়েছেন রাঙামাটির (আসন ২৯৯) বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। তিনি মোট ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন মাত্র ৩১ হাজার ২২২ ভোট। অর্থাৎ ১ লাখ ৭০ হাজার ৩২২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন দীপেন দেওয়ান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখের বেশি।

ব্যবধানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদ। ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপির জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। হারুন-অর-রশিদের জয়ের ব্যবধান ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট।

জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলও দেখিয়েছেন বড় জয়। তিনি ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদীর (৪৪,১৬১ ভোট) চেয়ে তিনি ১ লাখ ৬২ হাজার ৫৩ ভোট বেশি পেয়েছেন।

দেড় লাখের বেশি ব্যবধানে জয় পাওয়া অপর প্রার্থী হলেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল খালেক। তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবদুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট। ১ লাখ ৫০ হাজার ৭৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের এই প্রার্থী।

ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট দিয়েছেন। ২৯৭টি আসনের বেসরকারি ফলে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে। বড় ব্যবধানে জয়ের পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইও দেখা গেছে অনেক আসনে। অন্তত ৫০টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে, যার মধ্যে ২১টি আসনে ব্যবধান ছিল ৫ হাজারের নিচে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.