রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অজুহাতেই কারও ওপর অন্যায় বা অবিচার করা যাবে না। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
নির্বাচনে জয়ী হতে কোনো কারচুপির আশ্রয় নেওয়া হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, “নির্বাচনে ভালো ফল পেতে আমাদের কাউকে ‘কনভিন্স’ করতে হয়নি। জনগণের মন জয় করাই হলো আসল ইঞ্জিনিয়ারিং। স্বাধীনতাকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে; এটি আসলে জনগণের বিজয়। আজ থেকে প্রতিটি নাগরিক স্বাধীন।” তিনি একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ সব অংশগ্রহণকারী দলকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, দেশে এখন ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, “দেশ গঠনে সবার চিন্তাই গুরুত্বপূর্ণ। আমরা সবার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করব। নির্বাচনের আগে আমরা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছি, সেটিই হবে আমাদের দেশ গঠনের মূল ভিত্তি।”
দলীয় নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অজুহাতে দুর্বলের ওপর অবিচার মেনে নেওয়া হবে না। আইন সবার জন্য সমান—এটি নিশ্চিত করাই হবে নতুন সরকারের লক্ষ্য। তিনি আরও জানান, নির্বাচনের পর যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়ে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দ উদযাপনে জনভোগান্তি ও বিশৃঙ্খলা রোধেই বড় ধরনের বিজয় মিছিল কর্মসূচি রাখা হয়নি।
বক্তব্যের শুরুতে তারেক রহমান একাত্তরের বীর শহীদ এবং জুলাই অভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আজকের এই আনন্দের দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের জন্য বড় শূন্যতা। তিনি আজীবন স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন এবং তাঁর সেই আদর্শই আমাদের পথ দেখাবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে পুরো মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
বিষয় : সংবাদ সম্মেলন রহমান তারেক বিএনপি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
