× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবীণতম সংসদ সদস্য খন্দকার মোশাররফ, কনিষ্ঠ হান্নান মাসউদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭ পিএম । আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রবীণতম প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (বামে) এবং কনিষ্ঠতম প্রার্থী আবদুল হান্নান মাসউদ (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে বয়সের হিসেবে সবচেয়ে প্রবীণ সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে, কনিষ্ঠতম সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তাঁর বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। এবারের নির্বাচনে তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে লড়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় অভিজ্ঞ এই রাজনীতিক আবারও সংসদে দাউদকান্দি-মেঘনার মানুষের প্রতিনিধিত্ব করবেন।

সংসদের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে পা রাখতে যাচ্ছেন আবদুল হান্নান মাসউদ। তাঁর জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি, সেই হিসেবে বর্তমান বয়স মাত্র ২৬ বছর ১ মাস। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়া হান্নান মাসউদ এবারই প্রথম নির্বাচনে অংশ নেন। তিনি নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে ১১–দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, ৭৯ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক এবং ২৬ বছর বয়সী তরুণ বিপ্লবীর এই সমন্বয় আগামী সংসদে আইন প্রণয়ন ও জনদাবীর প্রতিফলনে নতুন মাত্রা যোগ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.