ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সাবেক এই অ্যাটর্নি জেনারেল প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শৈলকুপা উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। গতকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। শৈলকুপার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এ আসনে আসাদুজ্জামানসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংসদ সদস্য পদের ফলাফল ঘোষণা করা হলেও এই আসনের গণভোটের (হ্যাঁ/না ভোট) চূড়ান্ত ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দীর্ঘদিন পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলাফল ঘোষণার পরপরই শৈলকুপার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।