× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সুষ্ঠু ভোটের রায় সবাইকে মেনে নিতে হবে’: জামায়াত আমির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬ পিএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯ পিএম

রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে রায় আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট সন্ত্রাস ও দখলমুক্ত হবে এবং জনগণের প্রকৃত আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

ভোট দেওয়া শেষে ডা. শফিকুর রহমান তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, “দীর্ঘ দেড় যুগ দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি নির্বাচন হারানোর পর আজ আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন।” তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে বলেন, যারা জীবনে কখনও ভোট দিতে পারেনি, তারা এই দিনটির জন্য উন্মুখ হয়ে ছিল।

ভবিষ্যৎ সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত—এমন প্রশ্নে জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি সরকার চাই যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং তা হবে ১৮ কোটি মানুষের সরকার।” ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।”

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানান, প্রাথমিক অবস্থায় পরিবেশ সন্তোষজনক মনে হলেও সারা দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা আমরা উপেক্ষা করব, কিন্তু বড় ধরনের কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা আমরা বরদাশত করব না।”

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করে তিনি দেশ গড়ার কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সংবাদ ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “কেউ অপরাধ করলে আমি তার বিপক্ষে, এমনকি সেই ব্যক্তি যদি আমি নিজেও হই। কিন্তু যা অপরাধ নয়, তাকে জোর করে অপরাধ বানানো আরও বড় অপরাধ।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.