× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজিতে জিরো টলারেন্স চাই, সময়সীমা নয়: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২ পিএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০ পিএম

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের ‘নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি নিষেধ’ সংক্রান্ত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ধরণের ঘোষণা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি দলটির রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আসিফ মাহমুদ বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বলছে—নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি নিষেধ। এই বক্তব্যের মাধ্যমে তারা আসলে কী বোঝাতে চাইছেন? নির্বাচনের দিন পর্যন্ত কি তবে চাঁদাবাজি বন্ধ থাকবে আর এরপর কি আবারও তা বৈধ হয়ে যাবে?”

তিনি দাবি করেন, চাঁদাবাজির মতো একটি ফৌজদারি অপরাধ কোনো বিশেষ সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে না। এটি একটি চিরস্থায়ী অপরাধ এবং যেকোনো পরিস্থিতিতেই এটি বেআইনি ও দণ্ডনীয়।

এনসিপি মুখপাত্রের মতে, নির্বাচনকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সব রাজনৈতিক দলের অবস্থান হতে হবে স্পষ্ট ও আপসহীন। তিনি সতর্ক করে বলেন, “চাঁদাবাজির মতো বিষয়ে এ ধরণের দ্ব্যর্থবোধক বক্তব্য সংশ্লিষ্ট দলের নৈতিক অবস্থানকেই দুর্বল করে। এর ফলে সাধারণ মানুষের মনে আস্থার সংকট তৈরি হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।”

আসিফ মাহমুদ দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু ভোট কিংবা নির্বাচনের সময় নয়, বরং রাজনৈতিক সংস্কৃতি থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসের মূলোৎপাটন করতে হবে। সব সময় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অপরাধীদের কোনো ধরণের রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.