দীর্ঘ দুই দশক পর ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে জেলা বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেবল প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, বরং দেশ পুনর্গঠনের একটি বিশাল সুযোগ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আগামী নির্বাচন একটি মহাযজ্ঞ, যা আমাদের একার পক্ষে সফল করা সম্ভব নয়। ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার সমৃদ্ধ করতে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ধানের শীষে ভোট প্রয়োজন।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (জিলা স্কুল বড় মাঠ) জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বিগত ১৬ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, “দীর্ঘ এক যুগ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। স্বৈরাচারী শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা তাদের অধিকার হারিয়েছেন এবং যুবকরা হয়েছেন কর্মহীন।” তিনি আরও যোগ করেন, “জনগণই এ দেশের প্রকৃত মালিক। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়েই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই।”
ক্ষমতায় গেলে বিএনপি জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবে, তার একটি রূপরেখা জনসভায় পেশ করেন তারেক রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং দুস্থ পরিবারগুলোর সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা। নারী শিক্ষায় বিশেষ অগ্রাধিকার এবং গ্রামীণ মা ও শিশুদের চিকিৎসায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ স্থাপন।ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে থাকা বিমানবন্দরটি দ্রুত সচল করার প্রতিশ্রুতি। এ অঞ্চলের চাল শিল্পের আধুনিকায়ন এবং নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করা।
দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে সরাসরি জনসভায় উপস্থিত হতে পেরে আবেগী কণ্ঠে তারেক রহমান স্মরণ করেন অতীতের দিনগুলো। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে চিনি ও চা শিল্পের আধুনিকায়ন করে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আবদুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। দীর্ঘ বিরতির পর তারেক রহমানকে কাছে পেয়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
