× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা নিজের দল সামলাতে পারে না, তারা দেশও সামলাতে পারবে না: জামায়াত আমির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২ পিএম

বরিশালের মেহেন্দীগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছর ও গত ১৭ মাসের শাসনামল সাধারণ মানুষের সামনে পরিষ্কার। যারা নিজেদের দলই সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আর সি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের শৃঙ্খলা নিয়ে জামায়াত আমির বলেন, “আমরা আমাদের দলটাকে পাহাড়ায় রেখেছি। আপনারা সুযোগ দিলে আমরা দেশের ১৮ কোটি মানুষের চৌকিদার হতে চাই; তাদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হতে চাই। জনগণের আস্থার প্রতিদান দেওয়া আমাদের জন্য ওয়াজিব এবং আমরা জান-প্রাণ দিয়ে সেই চেষ্টা করব।”

ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কঠোর হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতিবাজদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে সব টাকা বের করে আনব। পাচার হওয়া টাকা ফেরত আনার লড়াই হবে আমাদের চূড়ান্ত লড়াই। দেশে আর ব্যাংক লুট বা শেয়ারবাজারে ডাকাতি করতে দেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, বেকার ভাতা দিয়ে কাউকে অপমান না করে প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়াই হবে তাঁদের লক্ষ্য।

আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। আমরা গোলামি চাই না, আজাদি চাই। তাই আজাদির স্বপক্ষে ‘হ্যাঁ’-কে জয়ী করতে হবে।” মেহেন্দীগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি বলেন, নদী আমাদের জন্য অভিশাপ নয়, সম্পদ। এই অবহেলিত জনপদকে প্রাধান্য দিয়ে নতুন উন্নয়ন প্রকল্প শুরু করা হবে।

মেহেন্দীগঞ্জ শেষে দুপুরে পটুয়াখালীর বাউফলে এক জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, “বিগত সরকারগুলো আমাদের ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছে। আগামী ১২ তারিখের নির্বাচনে জয়ী হলে ১৩ তারিখ দেশে এক নতুন সূর্য উদিত হবে।” বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই সভায় তিনি মামলা-বাণিজ্য ও দখলদারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেহেন্দীগঞ্জের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির শফিকুল ইসলাম এবং বাউফলের সভায় ইসাহাক মিয়া। এসব সভায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার ও ডা. শফিকুল ইসলাম মাসুদসহ ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.