× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তিনগরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫০ পিএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৬, ০০:৩৩ এএম

রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে তাকে লক্ষ্য করে উপর্যুপরি ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনার জন্য সরাসরি বিএনপি নেতা মির্জা আব্বাস ও তারেক রহমানকে দায়ী করেছে এনসিপি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে পিঠা উৎসবে যোগ দিতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি কলেজে প্রবেশ করতেই একদল যুবক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ধরে। নিরাপত্তার জন্য তিনি কর্মীদের নিয়ে একটি ভবনের বারান্দায় আশ্রয় নিলে সেখানেও তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার কর্মীরাও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে তিনি কলেজ থেকে বেরিয়ে সামনের রাস্তায় বসে প্রতিবাদ জানান।

হামলার পর ফকিরেরপুলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই হামলা পূর্বপরিকল্পিত। মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে চিহ্নিত সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক কাজ করেছে।" তিনি আরও দাবি করেন, হামলায় তাদের অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, "ছাত্রদলের নাম ব্যবহার করে মির্জা আব্বাসের নিজস্ব বাহিনী এই হামলা চালিয়েছে। তারা জনগণের কাছে যাওয়ার পথ রুদ্ধ করতে চায়।"

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। অন্যদিকে, নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও কলেজ প্রশাসনের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায়ও সিদ্ধেশ্বরী এলাকায় নির্বাচনী প্রচারের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে একই ধরনের দ্বিতীয় ঘটনায় ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতৃত্বের একাংশ নিয়ে গঠিত এনসিপি এবার জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.