রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ১০-দলীয় নির্বাচনী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতিকে আর বিভক্ত করার সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে চলা বিভাজনের রাজনীতি পরিহার করে সাম্য ও ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হবে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়বিচার নিশ্চিত করতে দেশবাসীকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০-দলীয় নির্বাচনী ঐক্যজোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “যদি দেশবাসী আমাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমরা আগামী ৫ বছর সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই। তবে আমাদের তিনটি স্পষ্ট শর্ত রয়েছে: আমরা নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতির সুযোগ দেব না এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব।” তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশের রাজনীতিকে তথাকথিত ‘বস্তা পচা’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াত আমীর বলেন, যুবসমাজ তাদের বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে ধোঁকা দেয়, তাদের এবার ‘লাল কার্ড’ দেখাতে হবে।
বিগত সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, “সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় কারাবরণ করেছি, মজলুম হয়েছি। কিন্তু আমরা কাউকে মজলুম বানাতে চাই না। ৫ আগস্টের পর আমরা চেয়েছিলাম সবাই শিক্ষা নেবে, কিন্তু কিছু ক্ষেত্রে সেই আশা পূরণ হয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না বলেই যত্রতত্র মামলা করিনি।”
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না, বরং প্রতিটি কর্মক্ষম হাতকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ঘর যেমন নারী ছাড়া চলে না, সমাজও নারী ছাড়া চলতে পারে না। যোগ্যতা অনুযায়ী সব ধর্ম ও বর্ণের নারীদের জন্য কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে রংপুর অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ী করতে জনসমর্থন কামনা করেন।
বিষয় : ডা. শফিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
