× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একটি দল এখন থেকেই ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করেছে’: তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ০০:৫৫ এএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ০০:৫৬ এএম

বৃহস্পতিবার মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘দেশ গড়ার নির্বাচন’ হিসেবে অভিহিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল ইতোমধ্যেই ভোট ইঞ্জিনিয়ারিং ও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রলোভন দেখাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুর এবং সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল জনগণের জাতীয় পরিচয়পত্র, বিকাশ ও ফোন নম্বর সংগ্রহ করে টাকা ছড়াচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, "যারা নির্বাচনের আগেই এমন অসৎ পথ বেছে নেয়, তারা কীভাবে আদর্শিক দল হতে পারে? তারা কি মানুষের শাসন কায়েম করতে পারবে?"

তিনি আরও বলেন, "জনগণকে বলা হচ্ছে—আগে অমুক-তমুককে দেখেছেন, এখন আমাদের দেখুন। কিন্তু এই দলটিকে আমরা ৫০ বছর আগেই চিনেছি। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল এবং কাদের পক্ষ নিয়েছিল, তা দেশবাসী জানে।"

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, "অনেকেই সংকটে পার্শ্ববর্তী দেশে বা পিন্ডিতে পালিয়ে যায়, কিন্তু বিএনপি এ দেশের মাটি ও মানুষের সঙ্গেই রয়ে গেছে। শহীদ জিয়া ও খালেদা জিয়া প্রমাণ করেছেন কীভাবে দুর্নীতি দমন করতে হয়, যা আন্তর্জাতিক সংস্থাগুলোও স্বীকার করেছে।" তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করবে এবং প্রতিটি কাজে জবাবদিহিতা নিশ্চিত করবে।

বিকেলে মৌলভীবাজারের শেরপুর এলাকার আইনপুর মাঠে বক্তব্যে তারেক রহমান বিগত ১৫-১৬ বছরের নির্বাচনগুলোকে ‘তামাশা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, "৫ আগস্ট একটি দল দেশ ছেড়ে পালিয়েছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে কেবল লুটপাট হয়েছে। ঢাকা থেকে সিলেট আসতে এখন ৮ ঘণ্টা লাগে, অথচ রাস্তাঘাটের বেহাল দশা।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব ছিল স্বাধীনতা রক্ষার আন্দোলন। অতীতে স্বৈরাচাররা ক্ষমতা অন্য দেশের হাতে তুলে দিয়েছিল, কিন্তু আমরা সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।"

উভয় জনসভায় তারেক রহমান স্থানীয় আসনগুলোর দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। হবিগঞ্জের জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার এবং মৌলভীবাজারে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.