বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টন জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এদিন সারা দেশের মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
নয়াপল্টন জামে মসজিদে মির্জা ফখরুল বলেন, "গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। আপনারা জানেন, দুই দিন ধরে তিনি আবারও অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দলের পক্ষ থেকে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে জুমার নামাজের পর দোয়া চেয়েছি।"
বিএনপি মহাসচিব আরও বলেন, "আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত তাঁকে সুস্থ করে তোলেন এবং তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পান।"
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গুরুতর অসুস্থতা নিয়ে গত রোববার তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফিরে আসেন। এরপর একাধিকবার শারীরিক জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।