ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও 'শয়তানি ছাড়েননি' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির একটি কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করেছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকানি দিয়ে বলে তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদের মারো।"
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি আপনাদের কারো ওপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন।"
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা হবে, এখানে কোনো আপস নেই। তিনি নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করারও আহ্বান জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "আইন আইনের মতো চলবে।" তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "ছাত্রসংসদ নির্বাচন বা কোথাও গণ্ডগোল করা যাবে না।" অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
এছাড়াও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।