বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের (আইএফইএস) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে এই বৈঠক হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে জামায়াতের ভূমিকা ও প্রচেষ্টা তুলে ধরা হয়। জামায়াতের প্রতিনিধিরা অতীতে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন। জামায়াতের একটি নির্বাচনমুখী দল হিসেবে জাতীয় সংসদের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে জামায়াতের অংশগ্রহণের ও বিজয়ী হওয়ার তথ্যও এ সময় তুলে ধরা হয়।
বলা হয়, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্নের পর অবাধ, সুষ্ঠ, ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জামায়াত গুরুত্বারোপ করছে বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএফইএস-এর প্রতিনিধিরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জামায়াতের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
জামায়াতে ইসলামী ও আইএফইএস-এর প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন বলেও বিবৃতিতে জানানো হয়।
জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। আইএফইএস-এর প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর টানিয়েল বেদিয়া টাইশি, কনসালটেন্ট ক্যাথলিক বার্নেস এবং ফার্নাডাস বুরিনসহ ৫ জন সদস্য।