ছবি: সংগৃহীত
রাজধানীর রুপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় আদালতের আদেশের রায়ের সাইনবোর্ড স্থাপন করাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, দুয়ারীপাড়া এলাকার অধিবাসীদের উচ্ছেদ না করতে সম্প্রতি আদালত একটি রায় প্রদান করেন।
গত বুধবার সেই রায়ের সাইনবোর্ড স্থাপন করতে গেলে এলাকার আনসার সদস্যরা তা উপড়ে ফেলে। এ নিয়ে তাদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে আবুল বাসার রুপনগর থানায় গত বুধবার একটি অভিযোগ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে অভিযোগকারী আবুল বাসার জানান, ১৯৯৭ সালে ধর্ম মন্ত্রণালয়ের আদেশের ওয়াকফ্ প্রশাসকের মাধ্যমে প্রায় ৭০০টি প্লট ৯৯ বছরের লিজ বরাদ্দ দেওয়া হয়। তখন থেকে তারা বসবাস করে আসছেন এবং নিয়মিত সরকারের নির্ধারিত খাজনা দিয়ে আসছেন। ২০২০ সালে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ প্লটের বসবাসকারীদের অবৈধভাবে উচ্ছেদ করার জন্য জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষ অপতৎপরতা চালায়। যদিও ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বসবাসে অনুমতি দেন।
আবুল বাসার আরো বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এমন অপতৎপরতা বন্ধের জন্য ২০২০ সালে হাইকোর্ট বিভাগে ওই এলাকার ভুক্তভোগীরা একটি রিট দায়ের করেন। সেই প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ২০২৪ সালে জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের এই অধিগ্রহণকে বাতিল ও অবৈধ ঘোষণা করে। যার বিপরীতে অন্য কোনো আদেশ আদালত দেয়নি। এরপর তারা ২০২৩ সালে আরো একটি রিট করেন। সেটির শুনানি না হওয়া পর্যন্ত বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না বলে আদেশ প্রদান করা হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে দুয়ারীপাড়াবাসী আদালতের রায় অনুযায়ী সাইনবোর্ড স্থাপন করে। জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে আনসার সদস্যদের অপব্যবহারের মাধ্যমে এই সাইনবোর্ডগুলোকে উপড়ে ফেলে।
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনসার কমান্ডার (দুয়ারীপাড়া আনসার ক্যাম্প) আবদুল জলিল জানান, আদালতের আদেশের রায়ের কপি যদি তাদের কাছে থাকে তাহলে রাতের আঁধারে কেন তারা দুয়ারীপাড়া এলাকায় সাইনবোর্ড স্থাপন করবে। রায় যে পাবে সম্পত্তি তাদের হবে। তাদের আদালতের রায় থাকলে পুলিশ প্রশাসনসহ আর দশজনের সামনে তারা সেটা স্থাপন করবে।
আবদুল জলিল আরো জানান, এটা জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা। তো হুট করে কেউ বা কোনো প্রতিষ্ঠান যদি সেই জায়গায় সাইনবোর্ড স্থাপন করতে আসে তাহলে তো বাধা দেবেই।
এদিকে, আদালতের আদেশের অবমাননায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্খিত ঘটনার শঙ্কাও করছেন তারা।
বিষয় : রাজধানী রুপনগর দুয়ারীপাড়া সাইনবোর্ড স্থাপন
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
